আসন্ন দুর্গাপুজোর জন্য প্রস্তুতি, নিরাপত্তা ও আনুষঙ্গিক কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে রেড রোডে যান চলাচলের ওপর বিশেষ নিষেধাজ্ঞা ও রুট পরিবর্তনের নির্দেশিকা জারি করল কলকাতা ট্রাফিক পুলিশ। কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, রেড রোড ও সংলগ্ন এলাকাগুলিতে সাধারণ দর্শনার্থীদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, উৎসবের মূল অনুষ্ঠান ও কাঠামো সম্পর্কিত প্রস্তুতি, পরিচালনা এবং পরবর্তীতে সেগুলি অপসারণের কাজের সুবিধার্থেই এই আগাম যান নিয়ন্ত্রণের সিদ্ধান্ত।
৬ অক্টোবর রাত ১০টা থেকে পরবর্তী ১০ অক্টোবর গভীর রাত অথবা ১১ অক্টোবর ভোর পর্যন্ত প্রয়োজনানুসারে ২৪ ঘণ্টার জন্যই রেড রোডের উভয় লেন সমস্ত ধরণের যানবাহনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে। খিদিরপুর রোড ধরে যে সমস্ত যানবাহন উত্তর দিকে যাবে, পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী সেগুলিকে ডাফরিন রোড এবং আউটরাম রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
আর আর অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস ইস্ট হয়ে দক্ষিণ অভিমুখে আসা গাড়িগুলিকে প্রয়োজন অনুযায়ী মেয়ো রোড ও ডাফরিন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়াও, ট্রাফিক নিরাপত্তার স্বার্থে ডিউটিতে থাকা পুলিশ কর্মী ও আধিকারিকরা পরিস্থিতি বুঝে শহরের যে কোনো প্রধান সড়ক বা সংযোগকারী রাস্তা থেকেও যানবাহন ডাইভার্ট করতে পারবেন। পুলিশের সাধারণ দৈনিক ট্রাফিক নিয়মের পাশাপাশি এই বিশেষ ট্রাফিক নোটিসটি তাৎক্ষণিকভাবে বহাল থাকবে।
এর আগে যোগ দিবস পালনের জন্য সাত দিন কলকাতার রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছিল। যোগ দিবসের কর্মসূচি ও প্রস্তুতির জন্য গত ১৪ জুন রাত ১০টা থেকে ২১ জুন – সাত দিন রেড রোড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। তবে সাধারণ মানুষের যাতে ভোগান্তি না হয় তার জন্যে পরিবহণ দফতরের সঙ্গে আলোচনা করে বিশেষ ট্র্যাফিক প্ল্যানিংও করে লালবাজার। এবার দুর্গাপুজোর আগে সরকার এমন সিদ্ধান্ত নিল।










