২০ আশ্বিন ১৪৩৩ বৃহস্পতিবার ০৭ অক্টোবর ২০২৬
২০ আশ্বিন ১৪৩৩ বৃহস্পতিবার ০৭ অক্টোবর ২০২৬

SIR-এর পর ভোটার তালিকায় ফের নাম তোলার সুযোগ!

SIR-এর সময় ভোটার তালিকা থেকে বাদ পড়া নাম ফের তোলার সুযোগ দিল নির্বাচন কমিশন। অনলাইনে এবং BLO-র মাধ্যমে Form 6 জমা দিয়ে আবেদন করা যাবে। নতুন ভোটাররাও এই সুযোগ পাবেন। তবে পশ্চিমবঙ্গে প্রায় ৩০ লক্ষ আবেদন ইতিমধ্যেই ট্রাইব্যুনালে আটকে থাকায় উঠছে বড় প্রশ্ন—তাঁদের ক্ষেত্রে কী হবে?

High News Digital Desk:

SIR বা ভোটার তালিকা সংশোধন নিয়ে বিতর্কের মধ্যেই নতুন নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। এই প্রক্রিয়ায় যাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে, তাঁদের ফের নাম তোলার জন্য আবেদন করার সুযোগ দেওয়া হচ্ছে। অনলাইনের পাশাপাশি BLO-র মাধ্যমেও আবেদন করা যাবে। তবে পশ্চিমবঙ্গে এই সুযোগ কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ রাজ্যে প্রায় ৩০ লক্ষ মানুষের আবেদন এখনও ট্রাইব্যুনালে আটকে রয়েছে।

নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, SIR-এর সময় অনুপস্থিত, অন্য জায়গায় চলে যাওয়া, মৃত বা একই ব্যক্তির একাধিক নাম রয়েছে বলে যাঁদের নাম বাদ দেওয়া হয়েছিল, তাঁরা ফের নাম তোলার আবেদন করতে পারবেন।

আবেদনের জন্য অনলাইনে আবেদন করার ব্যবস্থাও রাখা হয়েছে। ceowestbengal.gov.in/sir ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। এছাড়াও সংশ্লিষ্ট জেলার ইলেকটোরাল অফিসারের ওয়েবসাইট থেকেও আবেদন করার সুযোগ থাকছে।

অন্যদিকে, BLO বা বুথ লেভেল অফিসারের মাধ্যমে ফর্ম ৬ জমা দিতে হবে। যাঁরা প্রথমবার ভোটার তালিকায় নাম তুলতে চান, তাঁরাও এই ফর্মের মাধ্যমে আবেদন করতে পারবেন। অর্থাৎ ১৮ বছর বয়স হয়ে গিয়েছে এমন নতুন ভোটাররাও নাম তোলার আবেদন করার সুযোগ পাবেন। SIR চলছে এমন রাজ্যগুলিতে ভোটারদের সমস্যা কিছুটা কমাতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে। যাঁদের নাম (SIR) বাদ যাওয়ার বিষয়টি নিয়ে আবেদন ইতিমধ্যেই ট্রাইব্যুনালে রয়েছে, তাঁদের ক্ষেত্রে কী হবে, সে বিষয়ে কমিশনের নির্দেশিকায় কোনও সমাধানের কথা বলা হয়নি। রাজ্যে এমন আবেদনকারীর সংখ্যা প্রায় ৩০ লক্ষ।

Scroll to Top