নির্বাচন কমিশন (ইসিআই) অভিমুখে বিরোধী সাংসদদের প্রতিবাদ পদযাত্রাকে কেন্দ্র করে কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা, সাংসদ তথা জাতীয় মুখপাত্র সুধাংশু ত্রিবেদী।
মঙ্গলবার বিরোধী সাংসদদের এই প্রতিবাদ কর্মসূচিকে নিশানা করে সুধাংশু ত্রিবেদী বলেন, “আমাদের প্রধান বিরোধী দল কংগ্রেসের ফার্স্ট ফ্যামিলি (প্রথম পরিবার) গত চার প্রজন্ম ধরে আসলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে গণতন্ত্রের আড়ালে রাজতন্ত্র চালিয়ে আসছে। আর আজ তারা আকাশবাণীতে অনুপ্রবেশ করার চেষ্টা করেছে।”
নির্বাচন কমিশনের (ইসিআই) বিরুদ্ধে ইন্ডি জোটের সাংসদদের প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে রাজনৈতিক উত্তাপ চরমে। এই বিক্ষোভ চলাকালীন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী বঢরা আকাশবাণী ভবন চত্বরে পৌঁছন। তাঁদের সঙ্গে আকাশবাণী ভবন প্রাঙ্গণে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ কে সি বেণুগোপাল, চরণজিৎ সিং চান্নি-সহ বিরোধী শিবিরের অন্যান্য সাংসদেরা। নির্বাচন কমিশনের ভূমিকা ও নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা যে জোরদার প্রতিবাদ প্রদর্শন করছেন, তার অংশ হিসেবেই এই পদক্ষেপ।










