১৮ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ০৫ অক্টোবর ২০২৬
১৮ আশ্বিন ১৪৩৩ মঙ্গলবার ০৫ অক্টোবর ২০২৬

পুজোর আগে বৃষ্টির ভ্রুকুটি! কোন কোন জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা?

পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। শহর থেকে জেলা—জোরকদমে চলছে কেনাকাটা। এর মধ্যেই আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে পারে।

High News Digital Desk:

পুজোর আর মাত্র কয়েকদিন বাকি। ফলে শহর থেকে জেলা- সব জায়গাতেই এখন কেনাকাটার ব্যস্ততা । অফিসের কাজ সামলে সন্ধ্যায় বাজারে বেরোচ্ছেন বহু মানুষ। তবে আগামী কয়েকদিন বৃষ্টির কারণে কোথাও কোথাও সাময়িক সমস্যা হতে পারে। যদিও আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি এবং ঝড়বৃষ্টি হতে পারে কয়েকটি জেলায়।

হাওয়া অফিস জানিয়েছে, উত্তর বাংলাদেশ থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। পাশাপাশি সিকিমের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। সেখান থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত আরও একটি অক্ষরেখা ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে বিস্তৃত। এই আবহাওয়াজনিত পরিস্থিতির প্রভাবেই এখনই পুরোপুরি বৃষ্টি থেকে মুক্তি মিলছে না।

দক্ষিণবঙ্গে কোথায় বৃষ্টি?

সোমবার দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে হতে পারে হালকা ঝড়বৃষ্টি।

বুধবারও কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি। অন্যান্য জেলাতেও স্থানীয় ভাবে হালকা ঝড়বৃষ্টি হতে পারে।

তবে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা নেই। ধীরে ধীরে বৃষ্টির সম্ভাবনাও কমবে। একই সঙ্গে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তাপমাত্রাতেও বড়সড় পরিবর্তনের সম্ভাবনা নেই। কলকাতাতেও এই সময়ে বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গেও আগামী কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সোমবার দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে।

মঙ্গলবার জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দমকা হাওয়াও বইতে পারে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি।

বৃহস্পতিবার থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তবে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি বজায় থাকবে। ফলে পুজোর কেনাকাটায় বেরোলে আপাতত ভারী বৃষ্টির ভয় না থাকলেও কয়েকটি এলাকায় আচমকা বৃষ্টির জন্য প্রস্তুত থাকাই ভাল।

Scroll to Top