২১ ভাদ্র ১৪৩৩ সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬
২১ ভাদ্র ১৪৩৩ সোমবার ০৭ সেপ্টেম্বর ২০২৬

ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে, মেঘাচ্ছন্ন শহর ও শহরতলি

 দক্ষিণবঙ্গে আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ, বেশ কয়েকটি জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

High News Digital Desk:

দক্ষিণবঙ্গে আবারও বাড়বে বৃষ্টির পরিমাণ, বেশ কয়েকটি জেলায় আবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত ভারী বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের ৬টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে, বৃষ্টির সঙ্গে বজ্রপাত এবং ঝড়ের দাপটও থাকতে পারে। সোমবার সকাল থেকেই শহর ও শহরতলির আকাশ মেঘাচ্ছন্ন। কোনও কোনও জেলায় হালকা বৃষ্টিও হয়েছে। এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৪ ডিগ্রি বেশি।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে বীরভূম এবং পশ্চিম বর্ধমানে। এ ছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে পুরুলিয়া, বাঁকুড়ায়। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলবে। মঙ্গলবার ছ’টি জেলায় ভারী বর্ষণের সতর্কতা রয়েছে— পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ ছাড়াও ভারী বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা ও হুগলিতে। এ ছাড়া, বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। বুধবার পর্যন্ত বৃষ্টি চলবে প্রায় সব জেলাতেই।

কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টি চলতে পারে বুধবার পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। মালদায় বুধবার বৃষ্টি বাড়তে পারে। বাকি জেলাগুলিতে আপাতত বিক্ষিপ্ত বৃষ্টিই চলবে। তবে সপ্তাহান্তে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়তে পারে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ফের ভারী বর্ষণের সতর্কতা জারি করা হয়েছে।

Scroll to Top