নিম্নচাপের জেরে সোমবার সারাদিন ভিজেছে দক্ষিণবঙ্গ। মঙ্গলবারও সেই ধারা বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জারি করা হয়েছে লাল সতর্কতা।
দক্ষিণবঙ্গের আজকের আবহাওয়া |
সোমবার কলকাতায় ব্যাপক বৃষ্টি হয়েছে। কোথাও কোথাও জলও জমে গিয়েছে। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, মঙ্গলেও একইরকম আবহাওয়া থাকতে পারে। এদিন কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ দফায় দফায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। এই তিন জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি পশ্চিম মেদিনীপুর, বীরভূম ও ঝাড়গ্রামেও ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
আজ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বৃষ্টির পাশাপাশি কলকাতা সহ বেশিরভাগ জেলায় ৩০ থেকে ৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে।
সাগরে সৃষ্ট একটি নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গে দুর্যোগ দেখা দিয়েছে। ইতিমধ্যেই এই নিম্নচাপ শক্তি বাড়িয়েছে। আস্তে আস্তে এটি উত্তর ও উত্তর পশ্চিম দিকে এগোতে শুরু করেছে। হাওয়া অফিসের লেটেস্ট আপডেট অনুযায়ী, পরবর্তীতে এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, বিহার ও ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাবে। সেই কারণেই আজ রাজ্য জুড়ে ব্যাপক বৃষ্টি হতে পারে।
উত্তরবঙ্গের আজকের আবহাওয়া | (North Bengal Weather)
নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ব্যাপক বৃষ্টি হতে পারে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, উত্তরের অধিকাংশ জেলা ভিজতে পারে। শুক্রবার অবধি বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। বিশেষত আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং ও কালিম্পংয়ের একাধিক জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
একের পর এক নিম্নচাপের প্রভাবে রাজ্য জুড়ে ঝড়-জল চলছেই। আজও উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আবহাওয়ার উন্নতি কবে হয়, আপাতত সেদিকেই তাকিয়ে সকলে।









