৫ শ্রাবণ ১৪৩৩ বৃহস্পতিবার ২২ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩ বৃহস্পতিবার ২২ জুলাই ২০২৬

দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কবার্তা, বৃষ্টি চলবে বৃহস্পতিবার পর্যন্ত!

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়তে পারে। কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তর বৃদ্ধি, প্লাবন এবং ধসের আশঙ্কা তৈরি হয়েছে।

High News Digital Desk:

সকাল থেকে রোদের উঁকি মিললেও বেলা বাড়তেই তা উধাও। ঝুপ করে নামছে বৃষ্টি। গত কয়েকদিন ধরে প্রায় রোজই দফায় দফায় ভিজছে দক্ষিণবঙ্গ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, আপাতত বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আজ বুধবার কেমন থাকবে আবহাওয়ার মেজাজ? সকাল-সকাল জানুন আপডেট।

 

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর |

বুধবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ ও আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সর্বত্র। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে। আবহাওয়া দপ্তর বলছে, মৌসুমি অক্ষরেখা রাঁচি ও দিঘার উপর দিয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এদিকে ঝাড়খণ্ড এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। সব মিলিয়ে ভিজছে রাজ্য।

 

আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও। ভারী বৃষ্টি হবে না। শহরে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হলেও বাতাসে আদ্রতা বেশি পরিমাণে থাকার কারণে অস্বস্তিকর গরম বজায় থাকতে পারে কোথাও কোথাও। তাপমাত্রা মোটের ওপর একই রকম থাকবে। স্বাভাবিকের আশেপাশে ঘোরাঘুরি করবে শহরের তাপমাত্রা।

 

উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে বৃষ্টির দাপট একই রকম থাকবে। বৃষ্টি হবে দার্জিলিং কোচবিহার এবং কালিম্পং সহ সব জেলাতেই। উপরের দিকের জেলাগুলিতে বৃষ্টির দাপট অধিক থাকতে পারে। প্রবল বর্ষণের জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর আরও বাড়তে পারে। রয়েছে প্লাবনের আশঙ্কা। পাহাড়ি এলাকায় ধসের সম্ভাবনা রয়েছে। সতর্ক করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

Scroll to Top