৫ শ্রাবণ ১৪৩৩ বৃহস্পতিবার ২২ জুলাই ২০২৬
৫ শ্রাবণ ১৪৩৩ বৃহস্পতিবার ২২ জুলাই ২০২৬

সিকিমের নির্মীয়মাণ সুড়ঙ্গে দুর্ঘটনায় মৃত ৭, অব্যাহত উদ্ধারকাজ

High News Digital Desk:

সিকিমের নামচি জেলার ঝোলুঙ্গের সমরদং-এ নির্মীয়মাণ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়েছিলেন বেশ কয়েকজন শ্রমিক। তাঁদের উদ্ধারে মঙ্গলবারও অভিযান অব্যাহত রয়েছে। এই দুর্ঘটনায় এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন লিমিটেড (এনএইচপিসি)-র তিস্তা স্টেজ-৬ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গের ভেতরে ২৫ জনেরও বেশি শ্রমিকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

সোমবার দুপুরে সুড়ঙ্গে কর্মরত শ্রমিকরা বিকট বিস্ফোরণের শব্দ শুনতে পান। সেই সময় সুড়ঙ্গে গ্যাস লিক করার আশঙ্কা প্রকাশ করা হয়। এরপরই প্রাণ বাঁচাতে শ্রমিকরা সুড়ঙ্গ থেকে বের হতে শুরু করেন। কিছু শ্রমিক নিরাপদে বেরোতে পারলেও অনেকেই সুড়ঙ্গের ভেতরে আটকে পড়েন।

খবর পাওয়ার পরেই উদ্ধারকাজ শুরু হয়। তবে গ্যাস লিক, সুড়ঙ্গের ভেতরে প্রতিকূল পরিস্থিতি এবং প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে উদ্ধারকাজ প্রাথমিকভাবে কিছুটা ব্যাহত হয়। এরপর জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী এলে উদ্ধারকাজে গতি আসে।

মঙ্গলবার ভোর সাড়ে চারটে পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, সাতজনের মৃত্যু হয়েছে। জেলা প্রশাসন এই বিষয়টি নিশ্চিত করেছে। মৃতদেহগুলি সিংতাম জেলা হাসপাতাল, গ্যাংটকের এসটিএনএম হাসপাতাল এবং নামচি জেলা হাসপাতালে সংরক্ষণ করা হয়েছে। তবে নিহতদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। মঙ্গলবার সকালেও উদ্ধারকাজ অব্যাহত আছে।

Scroll to Top