মেরামতির কাজের জন্য আবারও বন্ধ হচ্ছে বিদ্যাসাগর সেতু। রবিবার, ১২ জুলাই টানা ১৬ ঘণ্টা সম্পূর্ণ বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি ব্রিজ। সকাল ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত সেতু এবং তার সমস্ত সংযোগকারী ব়্যাম্পে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। এই সময় বিকল্প রাস্তা ব্যবহারের নির্দেশ দিল কলকাতা পুলিশ।
হুগলি রিভার ব্রিজ কমিশনার্স -এর উদ্যোগে বিদ্যাসাগর সেতুর স্টে কেবল, হোল্ড-ডাউন কেবল এবং বিয়ারিং প্রতিস্থাপনের কাজ হবে। জনসুরক্ষা ও যান চলাচলের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার অজয় নন্দ মোটর ভেহিকল অ্যাক্ট, কলকাতা পুলিশ অ্যাক্ট এবং পশ্চিমবঙ্গ ট্র্যাফিক রেগুলেশন অ্যাক্টের সংশ্লিষ্ট ধারায় এই নির্দেশ জারি করেছেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ডের দিক থেকে বিদ্যাসাগর সেতুর উদ্দেশে আসা পশ্চিমমুখী সমস্ত যানবাহনকে টার্ফ ভিউ হয়ে হেস্টিংস মোড়ের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ব্যবহার করে গন্তব্যে যেতে হবে। প্রয়োজনে হেস্টিংস মোড় থেকে ডানদিকে ঘুরে কেপি রোডেও যাওয়া যাবে।
জে অ্যান্ড এন আইল্যান্ডের দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী যানবাহনকে ইলেভেন ফার্লং গেট থেকে ঘুরিয়ে হেস্টিংস হয়ে স্ট্র্যান্ড রোড ও হাওড়া ব্রিজের দিকে পাঠানো হবে।
খিদিরপুরের দিক থেকে সিজিআর রোড ধরে পূর্বমুখী যানবাহনও বিদ্যাসাগর সেতু ব্যবহার করতে পারবে না। এই যানবাহনগুলিকে হেস্টিংস মোড় থেকে বাঁদিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
এ ছাড়া, ঘোড়াপাস সংলগ্ন ওয়াই-পয়েন্ট থেকে বিদ্যাসাগর সেতুর র্যাম্পে ওঠার পরিবর্তে যানবাহনকে ইলেভেন ফার্লং গেটের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে কেপি রোড ও রেড রোড হয়ে ব্যবহার করতে হবে হাওড়া ব্রিজ।
পরিস্থিতি অনুযায়ী প্রয়োজন হলে শহরের অন্য গুরুত্বপূর্ণ সড়কেও যান চলাচলের রুট পরিবর্তন করা হতে পারে। তাই যাত্রী ও চালকদের আগেভাগে যাত্রাপথ পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ। বিশেষ করে রবিবার সকাল থেকে রাত পর্যন্ত হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতের ক্ষেত্রে অতিরিক্ত সময় হাতে রাখারও আবেদন করা হয়েছে।











