২২ আষাঢ় ১৪৩৩ বৃহস্পতিবার ০৮ জুলাই ২০২৬
২২ আষাঢ় ১৪৩৩ বৃহস্পতিবার ০৮ জুলাই ২০২৬

পর্ণশ্রীর ইউনিক পার্কের পুকুরে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধার, চাঞ্চল্য

High News Digital Desk:

বেহালার পর্ণশ্রী থানার অন্তর্গত ইউনিক পার্ক দেবালয় এলাকার একটি পুকুর থেকে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ উদ্ধারকে ঘিরে বুধবার এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা পুকুরে একটি দেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পর্ণশ্রী থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে প্রাথমিক তদন্ত শুরু করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন। ফলে তিনি কীভাবে সেখানে এলেন এবং কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। পুলিশ ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখছে। এটি দুর্ঘটনা, আত্মহত্যা নাকি অন্য কোনও অপরাধমূলক ঘটনার ফল, তা জানতে তদন্ত শুরু হয়েছে। আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। প্রয়োজনে নিখোঁজ ব্যক্তিদের তালিকার সঙ্গেও মিলিয়ে দেখা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় কৌতূহল ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং তদন্তের অগ্রগতির পরই মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার রহস্য উদ্ঘাটিত হবে বলে মনে করছে স্থানীয় বাসিন্দারা।

Scroll to Top