২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ১০ জুন ২০২৬
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বৃহস্পতিবার ১০ জুন ২০২৬

৩৭ নম্বর জাতীয় সড়কের উন্নয়নে ৩১.২২ কোটি টাকার প্রকল্প অনুমোদন, মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রীয় মন্ত্রী গডকড়িকে ধন্যবাদ মন্ত্রী কৃষ্ণেন্দুর

High News Digital Desk:

বরাক উপত্যকার সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্থাপিত হতে চলেছে। ৩৭ নম্বর জাতীয় সড়কের কান্দিগ্রাম মালুয়া থেকে শ্রীভূমিি বাইপাস পর্যন্ত ‘ওয়ান টাইম ইমপ্রুভমেন্ট’ প্রকল্পের জন্য ৩১.২২ কোটি টাকার টেন্ডার অনুমোদন দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত ও বেহাল গুরুত্বপূর্ণ সড়কের এই অংশের উন্নয়ন হলে শ্রীভূমি জেলা তথা সমগ্র বরাক উপত্যকার যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলে আশায় জেলাবাসী।

মঙ্গলবার রাতে গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদনের খবর জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্ট করেন অসমের জনস্বাস্থ্য কারিগরি, বরাক উপত্যকা ও পার্বত্য অঞ্চল উন্নয়ন দফতরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। প্রকল্পটি অনুমোদনের জন্য অসমের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা এবং কেন্দ্রীয় ভূতল সড়ক পরিবহণ ও মহাসড়ক দফতরের মন্ত্রী নীতিন গডকড়ির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন কৃষ্ণেন্দু।

মন্ত্রী জানান, প্রকল্প বাস্তবায়িত হলে শুধু সড়কের মানোন্নয়নই হবে না, বরাক উপত্যকার অর্থনৈতিক ও বাণিজ্যিক কর্মকাণ্ডেও নতুন গতি সঞ্চার হবে। তিনি বলেন, উন্নত সড়ক যোগাযোগ একটি অঞ্চলের সার্বিক উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি।

কৃষ্ণেন্দু পাল তাঁর পোস্টে আরও বলেন, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের সমন্বিত প্রচেষ্টার ফলেই বরাক উপত্যকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প দ্রুত বাস্তবায়নের পথে এগিয়ে চলেছে। মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার নেতৃত্বে বরাক উপত্যকার সড়ক, স্বাস্থ্য, শিক্ষা ও জনপরিষেবা খাতে একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। জাতীয় সড়কের এই উন্নয়ন প্রকল্পও সেই ধারাবাহিকতারই অংশ।

উল্লেখ্য, কান্দিগ্রাম মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস পর্যন্ত এই অংশ দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন চলাচল করে। দীর্ঘদিন ধরে সড়কের বিভিন্ন অংশে গর্ত, ভাঙন এবং পরিকাঠামো সমস্যার দরুন সাধারণ যাত্রী, পরিবহণ সংস্থা ও ব্যবসায়ীদের নানা দুর্ভোগের সম্মুখীন হতে হচ্ছে। ফলে এই উন্নয়ন প্রকল্পের অনুমোদন স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবির বাস্তব প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। জাতীয় সড়কের এই অংশটি উত্তরপূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ করিডরের অন্তর্ভুক্ত। করিমগঞ্জ, বদরপুর, পাথারকান্দি এবং ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী সুতারকান্দি স্থলবন্দরের সঙ্গে সংযোগ রক্ষার ক্ষেত্রে এই সড়কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে সুতারকান্দি স্থলবন্দরে পণ্য পরিবহণের জন্য এই সড়ক অন্যতম প্রধান পথ। ফলে সড়কের উন্নয়ন ঘটলে বাণিজ্যিক যানবাহনের চলাচল আরও সহজ হবে এবং পরিবহণ ব্যয় ও সময় উভয়ই কমবে।

সামগ্রিকভাবে, কান্দিগ্রাম মালুয়া থেকে করিমগঞ্জ বাইপাস পর্যন্ত ৩৭ নম্বর জাতীয় সড়কের উন্নয়নে ৩১.২২ কোটি টাকার এই প্রকল্প বরাক উপত্যকার যোগাযোগ পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। এর ফলে শুধু যাত্রীসাধারণই নয়, ব্যবসা-বাণিজ্য, শিল্প ও সীমান্ত বাণিজ্যের ক্ষেত্রেও সুদূরপ্রসারী ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে।

Scroll to Top