সোমবার দুর্গাপুরের মামরা বাজার এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সাদা থান, গামছা, লুঙ্গি, ধুতি এবং সরকারি প্রকল্পের বালতি উদ্ধারের অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শহরের ২৪ নম্বর ওয়ার্ডে অবস্থিত তৃণমূলের দলীয় কার্যালয়ে।বিজেপির অভিযোগ, ২৪ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পুরমাতা লাভলি রায়ের সঙ্গে সংশ্লিষ্ট ওই কার্যালয়ে বিপুল পরিমাণ সাদা থান মজুত করে রাখা হয়েছিল। পাশাপাশি ‘মিশন নির্মল বাংলা’ প্রকল্পের সরকারি বালতিও সেখানে রাখা ছিল বলে দাবি করেছে তারা। শুধু তাই নয়, কার্যালয়ের ভিতর থেকে কুড়ুল, কাটারিসহ একাধিক ধারালো অস্ত্রও পাওয়া গিয়েছে বলে অভিযোগ বিজেপি নেতৃত্বের।ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় উত্তেজনা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের একাংশও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। উদ্ধার হওয়া সামগ্রীগুলির উৎস এবং সেগুলি কী উদ্দেশ্যে সেখানে রাখা হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।অন্যদিকে, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলীয় নেতৃত্বের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানো হচ্ছে। ঘটনার প্রকৃত সত্য উদঘাটনে পুলিশ তদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল।









