উত্তরপ্রদেশের হামিরপুর জেলায় ভোররাতের প্রবল ঝড়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। লালপুরা থানা এলাকার মোরাকান্দার পারসানিতে বেতোয়া নদীর উপর একটি নির্মীয়মাণ সেতু ভেঙে পড়ে অন্তত ছয় জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও বেশ কয়েকজন শ্রমিক চাপা পড়ে থাকার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও প্রশাসন দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোররাত ৩টে নাগাদ আচমকাই এলাকায় প্রবল ঝড় শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই সেই ঝড় হ্যারিকেনের মতো মারাত্মক রূপ নেয়। ঝড়ের তীব্র দাপট সামলাতে না পেরে বেতোয়া নদীর উপর নির্মীয়মাণ ওই সেতুর একাধিক পিলার তাসের ঘরের মতো ধসে পড়ে। সেই সময় সেতুর নিচে কর্মরত ও ঘুমন্ত শ্রমিকরা ধ্বংসাবশেষের নিচে চাপা পড়ে যান।
ঘটনার খবর পাওয়ার আধ ঘণ্টার মধ্যেই লালপুরা থানার পুলিশ ও জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা উদ্ধারকারী দল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু ততক্ষণে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে ছয় শ্রমিকের মৃত্যু হয়। যুদ্ধকালীন তৎপরতায় ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে। ধ্বংসাবশেষের নিচে আরও অনেকেরই চাপা পড়ে থাকার আশঙ্কা থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করছে পুলিশ।









