গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আগামী ১৪ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী ১৫ মে পর্যন্ত উত্তরবঙ্গ, সিকিম ও ওড়িশায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১৪ মে পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি প্রত্যাশিত। বইতে পারে দমকা হাওয়া।
আইএমডি আরও জানিয়েছে, ১৪ থেকে ১৬ মে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রতি দিনই পশ্চিমবঙ্গের কোনও না কোনও জেলায় ঝড়-বৃষ্টি হচ্ছে। তবে দক্ষিণের জেলাগুলিতে আগামী ১৭ মে পর্যন্ত ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আগামী ১৭ মে পর্যন্ত ঝড়-বৃষ্টি চলবে। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি কম।










