মধ্যরাতেও কর্তব্যে অবিচল তারকেশ্বরের বিজেপি বিধায়ক সন্তু পান। মানুষের পাশে থাকার বার্তা ফের একবার তুলে ধরলেন তারকেশ্বরের সদ্য জয়ী বিজেপি বিধায়ক সন্তু পান। মধ্যরাতেও অসুস্থ দলীয় কর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়লেন তিনি।
জানা গিয়েছে, গতকাল গভীর রাতে তারকেশ্বর এলাকার এক বিজেপি কর্মী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরিবারের সদস্যরা দ্রুত তাঁকে তারকেশ্বর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা অবস্থার অবনতি হওয়ায় রোগীকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় স্থানান্তরের নির্দেশ দেন।
এই খবর পৌঁছায় বিধায়ক সন্তু পানের কাছে। খবর পাওয়া মাত্রই তিনি তৎপর হয়ে ওঠেন। নিজে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে অসুস্থ কর্মীকে ভর্তি করানোর সমস্ত ব্যবস্থা করেন। পাশাপাশি চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন বলে জানা গিয়েছে।
বিধায়কের এই মানবিক ভূমিকায় খুশি দলীয় কর্মী-সমর্থক থেকে সাধারণ মানুষও। অনেকেই বলেন, নির্বাচনে জয়ের পরেও সন্তু পান সাধারণ মানুষের পাশে থেকে নিজের দায়িত্ব পালন করে চলেছেন।
এ প্রসঙ্গে এক বিজেপি কর্মী বলেন, “মধ্যরাতে খবর পেয়েও বিধায়ক নিজে হাসপাতালে পৌঁছে যান। এতে আমরা খুবই কৃতজ্ঞ। তিনি শুধু নেতা নন, মানুষের আপনজন হিসেবেও কাজ করছেন।”
ঘটনাকে কেন্দ্র করে তারকেশ্বর এলাকায় বিধায়কের মানবিক উদ্যোগের প্রশংসা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে।











