কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আগামী রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ঝড়-বৃষ্টি চলতে পারে। কলকাতার পাশাপাশি একাধিক জেলায় জারি করা হয়েছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সতর্কতা। তবে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।
সোমবার রাতেই কলকাতায় ঝমঝমিয়ে বৃষ্টি হয়। সেই সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিতে ভিজেছে শহর লাগোয়া বিভিন্ন জেলাও। রাতের বৃষ্টির সৌজন্যে কলকাতায় মঙ্গলবার নেমেছে তাপমাত্রার পারদ। শহরের রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় সাড়ে ৫ ডিগ্রি কমে ১৮.৪ ডিগ্রিতে নেমেছে।









