আগামীকাল মঙ্গলবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এক ঐতিহাসিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নিতে যাচ্ছেন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার সদস্যগণ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন প্রধানমন্ত্রী হিসেবে এদিন শপথ গ্রহণ করবেন।
রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন। নবনিযুক্ত মন্ত্রিপরিষদের সচিব এম সিরাজ মিয়াঁ গোটা অনুষ্ঠান পরিচালনা করবেন।
বিএনপি-র পক্ষ থেকে জানানো হয়েছে, ঐতিহাসিক অনুষ্ঠানে সার্কভুক্ত দেশ সহ বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় ১,২০০ জন বিশিষ্ট অতিথি উপস্থিত থাকবেন। আমন্ত্রিত বিদেশি অতিথিদের মধ্যে উল্লেখযোগ্যরা যথাক্রমে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা, পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল, যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি (ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল) সীমা মালহোত্রা প্রমুখ। এছাড়া নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দ শর্মা এবং শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রী নলিন্দা জয়তিসার উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। সার্কভুক্ত সকল দেশের পররাষ্ট্র মন্ত্রীদেরও এই বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।
দীর্ঘদিনের প্রথা ভেঙে এবার বঙ্গভবনের পরিবর্তে জনগণের ক্ষমতার প্রতীক জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বর্ণাঢ্য এই আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করেছে সংসদ সচিবালয়। এদিন নির্বাচিত সাংসদগণ কেবল সংসদীয় শপথই নয়, ‘সংবিধান সংস্কার পরিষদ’-এর সদস্য হিসেবেও পৃথকভাবে শপথ গ্রহণ করবেন।
নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশজুড়ে এবং রাজনৈতিক ক্ষেত্ৰে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।









