২৯ মাঘ ১৪৩২ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬
২৯ মাঘ ১৪৩২ শুক্রবার ১৩ ফেব্রুয়ারি ২০২৬

ভারতীয় মিডিয়ার অপপ্রচার প্রতিরোধ করেছেন বাংলাদেশের সাংবাদিকরা, ভোট দিয়ে বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গির

High News Digital Desk:

ত্ৰয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ ভোট দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহম্মদ জাহাঙ্গির আলম চৌধুরী (অবসরপ্ৰাপ্ত)। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর ডিওএইচএস বারিধারায় অবস্থিত ‘বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ’-এর ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন তিনি।

পরে সাংবাদিকদের ব্রিফিংকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করার ক্ষেত্রে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি বলেন, আমাদের সাংবাদিকরা সত্য সংবাদ পরিবেশন করেছেন বলেই ভারতীয় মিডিয়ার অপপ্রচার ও প্রপাগান্ডা প্রতিরোধ করা সম্ভব হয়েছে। একইভাবে সাংবাদিকরা জাতীয় নির্বাচনেও সত্য সংবাদ প্রকাশ করলে গুজব ও অপপ্রচার রোধ করা সম্ভব হবে। জাতীয় নির্বাচনে মিডিয়া সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা। তিনি বলেন, দু’একটি ছোটখাটো বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তিনি এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের প্রত্যয় ব্যক্ত করেন।

পরে উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রালয়ের আইনশৃঙ্খলা সংক্রান্ত কেন্দ্রীয় সমন্বয় সেল এবং পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশন কন্ট্রোল রুম পরিদর্শন করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে ৫১টি রাজনৈতিক দল। মোট প্রার্থী ২ হাজার ২৯ জন। এর মধ্যে নির্দল প্রার্থী ২৭৪ জন। ২৯৯টি সংসদীয় আসনে স্বচ্ছ ব্যালট বাক্সে ব্যালট পেপারের মাধ্যমে ভোট নেওয়া হচ্ছে। শেরপুর-৩ আসনে একজন প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনের নির্বাচন বাতিল হওয়ায় এবার ৩০০টির পরিবর্তে ২৯৯ আসনে ভোট হচ্ছে।

Scroll to Top