২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬
২২ মাঘ ১৪৩২ শুক্রবার ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বলিউডে পা রাখছেন গোবিন্দা-জায়া সুনীতা, সূচনা বালাজি মোশন পিকচার্সের ছবিতে

High News Digital Desk:

বহুদিন ধরেই নিজের স্পষ্টভাষী মনোভাব ও আত্মবিশ্বাসী উপস্থিতির জন্য আলোচনায় সুনীতা আহুজা। এবার আনুষ্ঠানিকভাবে অভিনয় জগতে প্রবেশ করতে চলেছেন গোবিন্দার স্ত্রী। একতা কাপুরের প্রযোজনা সংস্থা বালাজি মোশন পিকচার্সের সঙ্গে প্রথম হিন্দি ছবিতে সই করেছেন সুনীতা। এই ছবিতে তাঁকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে বলে প্রযোজনা সংস্থা সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, আপাতত ছবিটির নাম না জানা গেলেও এই ছবির শুটিংয়ে প্রায় ২০ দিন সময় দেবেন ৫৮ বছরের সুনীতা আহুজা। যদিও এর আগে বিভিন্ন টেলিভিশন শো, ইভেন্ট ও সাক্ষাৎকারে তাঁকে দেখা গিয়েছে| তবে এই ছবিকে তাঁর বলিউডে আনুষ্ঠানিক সূচনা হিসেবে ধরা হচ্ছে।

উল্লেখ্য, এতদিন তিনি ইচ্ছাকৃতভাবেই চলচ্চিত্র জগতের রোশনাই থেকে নিজেকে দূরে রেখেছিলেন এবং কখনওই স্বামীর জনপ্রিয়তাকে ব্যবহার করে অভিনয়ের পথে হাঁটেননি। সাম্প্রতিক সময়ে সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল প্ল্যাটফর্মে সুনীতার সক্রিয় উপস্থিতি তাঁকে নতুন প্রজন্মের কাছেও পরিচিত করে তুলেছে। পডকাস্ট সাক্ষাৎকার, প্রকাশ্য অনুষ্ঠানে অকপট মন্তব্য এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে তিনি আলাদা একটি পরিচিতি গড়ে তুলেছেন। বলিউড সূত্রে খবর, এই জনপ্রিয়তাই একতা কাপুরের নজর কেড়েছে।

এদিকে, কিছুদিন আগেই গোবিন্দার দাম্পত্য জীবন নিয়ে ছড়ানো নানা গুঞ্জন নিয়ে চর্চা চলেছিল। অভিনেতা নিজেই সেই সব জল্পনাকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন। এবার সুনীতার অভিনয় জীবনের নতুন অধ্যায় শুরু হওয়ায় এই তারকা দম্পতি আবারও ইতিবাচক কারণেই আলোচনায়।

Scroll to Top