মাদক পাচার ও মাদকের বিস্তার রুখতে দেশজুড়ে সমন্বিত অভিযান চালানোর ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ঘোষণা, ২০২৯ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে দেশকে সম্পূর্ণ মাদকমুক্ত করার লক্ষ্যে এগোতে চায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই উদ্যোগে দেশের সমস্ত রাজ্যের পুলিশবাহিনীকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
পুলিশ স্মারক দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অমিত শাহ বলেন, দেশ এখনও সমস্ত সমস্যা থেকে মুক্ত হয়নি। সামনে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। তার মধ্যে মাদকের সমস্যা অন্যতম। ২০২৬ সালের বাকি সময় থেকে শুরু করে ২০২৭, ২০২৮ এবং ২০২৯ সাল পর্যন্ত আগামী সাড়ে তিন বছরে মাদকের বিরুদ্ধে সম্মিলিত লড়াই চালানোর পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য, মাদকের বিস্তার শুধু দেশের তরুণ প্রজন্মের ভবিষ্যৎকেই বিপন্ন করছে না, অর্থনীতির উপরেও বাড়তি চাপ সৃষ্টি করছে। একই সঙ্গে মাদক ব্যবসার অর্থ দেশবিরোধী সংগঠনগুলির আর্থিক সহায়তার উৎস হয়ে উঠছে বলেও দাবি করেন তিনি। তাই মাদক পাচার ও তার সঙ্গে যুক্ত আর্থিক নেটওয়ার্ক ভেঙে দেওয়া দেশের নিরাপত্তার স্বার্থে অত্যন্ত জরুরি বলে মনে করেন অমিত শাহ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মাদকমুক্ত ভারত’-এর লক্ষ্য পূরণে পুলিশবাহিনীকে সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর কথায়, আগামী প্রজন্মকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে হলে এখন থেকেই সুপরিকল্পিত ও সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। নির্ধারিত সময়সীমার মধ্যে এই লক্ষ্য অর্জনে কেন্দ্র ও রাজ্যের পুলিশবাহিনীকে সমন্বয়ের সঙ্গে কাজ করতে হবে।











