হালকা ধোঁয়াশায় ঢাকল রাজধানী দিল্লির একাংশ। শীতের প্রকোপ বাড়ার পাশাপাশি শহরের বাতাসের গুণমানও ‘খারাপ’ পর্যায়ে রয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ-এর তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকালে দিল্লির অক্ষরধাম মন্দির এবং আনন্দ বিহার সংলগ্ন এলাকায় বাতাসের গুণমান সূচক ছিল ২০১, যা ‘খারাপ’ শ্রেণিভুক্ত।
সিপিসিবি-র রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা ৪৫ মিনিট নাগাদ আনন্দ বিহার এলাকায় বাতাসের গুণমান সূচক ২০১ রেকর্ড করা হয়েছে এবং গোটা এলাকা হালকা ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল। অন্যদিকে, সকাল ৭টা ০৫ মিনিট নাগাদ অক্ষরধাম মন্দির চত্বর সংলগ্ন এলাকাতেও একইভাবে বাতাসের গুণমান সূচক ২০১ নথিভুক্ত হয়েছে। আবহাওয়া ও পরিবেশ দফতর সূত্রে জানা গিয়েছে, ভোরের দিকে তাপমাত্রা কম থাকায় এবং বাতাসের গতিবেগ মন্থর হওয়ায় রাজধানীর বিভিন্ন প্রান্তে হালকা ধোঁয়াশা তৈরি হয়েছে, যার ফলে দূষণের মাত্রা ‘খারাপ’ পর্যায়েই রয়ে গিয়েছে।











