এক সপ্তাহের ব্যবধানে ফের বাঘের হামলা সুন্দরবনে, এবারও প্রাণ গেল এক মৎস্যজীবীর। মৃতের নাম রামপদ বর্মন (৪৫)। তিনি দক্ষিণ ২৪ পরগনার গোসাবার ছোট মোল্লাখালি কালিদাসপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সঙ্গীদের সঙ্গে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের আক্রমণের মুখে পড়েন তিনি।
স্থানীয় সূত্রে খবর, মাছ-কাঁকড়া ধরার জন্য জঙ্গলে প্রবেশ করেছিলেন রামপদ ও তাঁর সঙ্গীরা। সুন্দরবনের গভীর অরণ্যে কাঁকড়া ধরার সময় আচমকাই একটি বাঘ ঝাঁপিয়ে পড়ে রামপদর ওপর। আকস্মিক হামলায় গুরুতর জখম হন তিনি। সঙ্গে থাকা বাকি মৎস্যজীবীরা প্রাণপণ লড়াই করে বাঘটিকে তাড়িয়ে দেন এবং রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে নৌকায় তুলে আনেন। দ্রুত গ্রামে ফিরে চিকিৎসার ব্যবস্থা করা হলেও শেষরক্ষা হয়নি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুন্দরবন কোস্টাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। রামপদের অকাল-মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর পরিবারের সদস্যরা।









