জেলা থেকে কলকাতা। সকাল থেকেই মুখ ভার আকাশের। মহানগরে বিক্ষিপ্তভাবে কয়েক জায়গায় বৃষ্টিও হয়েছে। বৃহস্পতিবার নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। তার জেরে দক্ষিণবঙ্গে জারি লাল সতর্কতা। পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টির শঙ্কা। উপকূল ও পশ্চিমের জেলায় অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা। ১৫ আগস্ট শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
হাওয়া অফিস জানিয়েছে, নিম্নচাপটি শক্তি বাড়িয়ে গাঙ্গেয় বঙ্গের উপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে এগোবে। মৌসুমী অক্ষরেখা জামশেদপুর হয়ে কলকাতার উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগরের নিম্নচাপ ক্ষেত্র পর্যন্ত বিস্তৃত। তাতে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায় লাল সতর্কতা জারি হয়েছে। এই দুই জেলার কিছু অংশে ২০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টি হওয়ার আশঙ্কা। পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান ও হুগলিতেও অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। জেলাগুলির দু’এক জায়গায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরের কিছু অংশে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে।
শুক্রবারও দক্ষিণবঙ্গে অতিভারী বৃষ্টির কমলা সর্তকতা রয়েছে পুরুলিয়াতে। হলুদ সতর্কতা বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান ও বীরভূমে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু অংশে ৫০ কিলোমিটার গতি বেগে দমকা বাতাস বইতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্রবিদ্যুৎ- সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইবে।
অন্যদিকে, উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। সব জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ে রবিবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়বে। উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে।










