৩০ আষাঢ় ১৪৩৩ শুক্রবার ১৬ জুলাই ২০২৬
৩০ আষাঢ় ১৪৩৩ শুক্রবার ১৬ জুলাই ২০২৬

রথযাত্রা উপলক্ষে দীঘা-হাওড়ার মধ্যে চলবে বিশেষ লোকাল ট্রেন

High News Digital Desk:

দীঘার নবনির্মিত শ্রীজগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব উপলক্ষে পুণ্যার্থী ও পর্যটকদের সুবিধার্থে বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ ১৬ জুলাই থেকে আগামী ২৬ জুলাই পর্যন্ত দীঘা-হাওড়া রুটে এই বিশেষ লোকাল ট্রেনটি চলাচল করবে। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

দীঘা এখন আর কেবল সমুদ্র পর্যটন কেন্দ্রই নয়, বরং আন্তর্জাতিক মানের জগন্নাথ মন্দিরের কারণে অন্যতম প্রধান ধর্মীয় আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। রথযাত্রা উপলক্ষে এখানে প্রতি বছরই বিপুল সংখ্যক ভক্তের সমাগম ঘটে। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার্থে ‘পাঁশকুড়া-হলদিয়া-দীঘা সাউথ ইস্টার্ন রেলওয়ে প্যাসেঞ্জার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-এর পক্ষ থেকে বিশেষ ট্রেন চালানোর দাবি জানানো হয়েছিল।

রেল কর্তৃপক্ষ এই দাবি মেনে নেওয়ায় যাত্রী সংগঠন এবং নিত্যযাত্রীদের মধ্যে খুশির হাওয়া। সংগঠনের সাধারণ সম্পাদক সরোজ কুমার জানান, দীঘার জগন্নাথ মন্দিরে রথদর্শনের জন্য জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ রেলপথেই যাতায়াত করেন। পুণ্যার্থীদের দুর্ভোগ এড়াতে এই বিশেষ ট্রেনের অনুরোধ করা হয়েছিল। দাবি মঞ্জুর করায় রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন তাঁরা।

Scroll to Top