৮ অগ্রহায়ণ ১৪৩৩ মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬
৮ অগ্রহায়ণ ১৪৩৩ মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬

যৌন হেনস্থার পর এবার প্রাতিষ্ঠানিক দুর্নীতির অভিযোগ প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বিরুদ্ধে, তদন্তের নির্দেশ

High News Digital Desk:

পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আবারও গুরুতর অভিযোগের মুখে পড়লেন। যৌন হেনস্থা ও ধর্ষণের মতো অভিযোগের পর এবার তাঁর বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মামলা দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।

​সূত্রের খবর, রাজ্য সরকার এবং অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে গঠিত প্রাতিষ্ঠানিক দুর্নীতি দমন কমিশনে এই বিষয়ে একটি অভিযোগ জমা পড়েছে। অভিযোগপত্রে দাবি করা হয়েছে যে, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বাংলা আকাদেমির সভাপতির পদে থাকাকালীন ব্রাত্য বসু একাধিক অনিয়মে জড়িত ছিলেন। বই ছাপানোর ক্ষেত্রে এবং আকাদেমি প্রদত্ত বিভিন্ন পুরস্কার নির্বাচনের ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছে। জানা গিয়েছে, এই অভিযোগ সংক্রান্ত বেশ কিছু নথিপত্র কমিশনের দফতরে জমা দেওয়া হয়েছিল, যা খতিয়ে দেখার পর অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু তদন্তের নির্দেশ দিয়েছেন।

​উল্লেখ্য, এর আগেও নাট্যকার, অভিনেতা তথা রাজনীতিবিদ ব্রাত্য বসুর বিরুদ্ধে মহিলাদের কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছিল, যার ভিত্তিতে তাঁর বিরুদ্ধে ‘জিরো এফআইআর’ দায়ের করা হয়। এছাড়াও, ব্রাত্য বসু এবং প্রাক্তন প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগও রয়েছে। দুই মহিলার অভিযোগ ছিল, ব্রাত্য তাঁদের ফোনে অনুচিত প্রস্তাব দিয়েছিলেন এবং তাঁরা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করায় বদলি-সহ বিভিন্ন উপায়ে তাঁদের হেনস্থা করা হয়েছিল। যদিও ব্রাত্য বসু সেই সমস্ত অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে দাবি করেছিলেন যে, তিনি অভিযোগকারিণীদের কখনো দেখেননি। অন্যদিকে, ইন্দ্রনীল সেন ইতিমধ্যেই পুজো-পাস দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন।

​পূর্ববর্তী অভিযোগগুলির প্রেক্ষিতে ব্রাত্য বসু নিজেকে মিথ্যা মামলায় ফাঁসানোর দাবি করেছিলেন। এক অভিযোগকারিণীকে পাল্টা নিশানা করে তিনি বলেছিলেন, “আসলে তাঁরাই আমাকে অনুচিত প্রস্তাব দিয়েছিলেন। আমি এর জন্য প্রস্তুত ছিলাম না, তাই এখন রাগের বশে এই ধরনের অভিযোগ করা হচ্ছে।” অভিযোগের সময়কাল নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, “ইন্দ্রনীলকে গ্রেফতারের পর এতে আমার নাম জড়ানো হয়েছে। এর নেপথ্যে কোনো ব্যক্তিগত যোগসূত্র থাকতে পারে। আমার মনে হয়, প্রতিহিংসা চরিতার্থ করার চেষ্টা হচ্ছে। আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব।”

​এদিকে, প্রাতিষ্ঠানিক দুর্নীতির সাম্প্রতিক অভিযোগের প্রতিক্রিয়ায় প্রাক্তন শিক্ষামন্ত্রী বলেন, “যদি অভিযোগ দায়ের হয়ে থাকে, তবে তদন্ত হোক। এতে আমার কোনো আপত্তি নেই।”

Scroll to Top