উত্তরপ্রদেশের মৈনপুরী শহরের ক্রিশ্চিয়ান তি্রাহা এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বুধবার গভীর রাতে পাশাপাশি থাকা তিনটি কাপড়ের শোরুমে আগুন ছড়িয়ে পড়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি হয়। দমকলের আটটি ইঞ্জিনের টানা কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বুধবার রাত প্রায় ১১টা নাগাদ দোতলা ওই শোরুম কমপ্লেক্স থেকে কালো ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। রাতে দোকান বন্ধ থাকার কারণে কোনও প্রাণহানি না ঘটলেও শোরুমের ভেতরে মজুত রাখা বিপুল পরিমাণ পোশাক ও অন্যান্য সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৈনপুরী সিটি এসপি অরুণ কুমার সিং জানান, “বুধবার রাত প্রায় ১১টা নাগাদ ক্রিশ্চিয়ান তি্রাহার একটি দোতলা শোরুম কমপ্লেক্সে আগুন লাগার খবর পায় পুলিশ। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দমকল বাহিনীকে খবর দেয় এবং আগুন নেভানোর কাজ শুরু হয়। দমকলের তৎপরতায় নিচতলা ও প্রথম তলার আগুন দ্রুত আয়ত্তে আনা হয়। আগুন লাগার সময় শোরুমটি বন্ধ ছিল। আগুন পুরোপুরি নিভিয়ে ফেলার পর বিস্তারিত তদন্ত করে অগ্নিকাণ্ডের আসল কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা সম্ভব হবে।”










