১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬
১ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ১৭ নভেম্বর ২০২৬

মুখ্যমন্ত্রীর সফরের আগেই রামকৃষ্ণ সেতুর হাইট বার খুলে ফেলা নিয়ে জল্পনা, শুধুই সফরের জন্য কি এই সিদ্ধান্ত?

High News Digital Desk:

গোঘাটের সেলামপুর এলাকায় জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে মঙ্গলবার আরামবাগ মহকুমায় আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর তাঁর সফরের আগেই আরামবাগের রামকৃষ্ণ সেতুর দু’প্রান্তে দীর্ঘদিন ধরে লাগানো থাকা হাইট বার খুলে ফেলা হল। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মহলে শুরু হয়েছে নানা প্রশ্ন ও জল্পনা।

উল্লেখ্য, দীর্ঘদিন আগে রামকৃষ্ণ সেতুর একাংশ ভেঙে যাওয়ার পর সেতুর দুর্বল অংশের উপর দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখতে দু’প্রান্তে হাইট বার বসানো হয়েছিল। সেতুর নিরাপত্তার কথা মাথায় রেখেই এই ব্যবস্থা নেওয়া হয়। ফলে দীর্ঘদিন ধরে ভারী যানবাহন চলাচলে বিধিনিষেধ ছিল।

কিন্তু মুখ্যমন্ত্রীর সেলামপুর সফরের দিনেই হঠাৎ সেই হাইট বার খুলে ফেলার ঘটনায় প্রশ্ন উঠছে, তাহলে কি শুধুমাত্র মুখ্যমন্ত্রীর যাতায়াতের সুবিধার জন্যই খুলে ফেলা হল সেতুর দু’প্রান্তের হাইট বার? যে সেতুর দুর্বলতার কারণে দীর্ঘদিন ধরে ভারী যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছিল, সেখানে হাইট বার খুলে দেওয়ার পিছনে প্রশাসনিক কারণ কী, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তবে হাইট বার খুলে ফেলার পর সেতুর উপর দিয়ে ভারী যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়েছে কি না, কিংবা এই সিদ্ধান্তের সঙ্গে মুখ্যমন্ত্রীর সফরের কোনও যোগসূত্র রয়েছে কি না, তা প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। ফলে বিষয়টি ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহল ও আলোচনা অব্যাহত রয়েছে।

Scroll to Top