৬ আশ্বিন ১৪৩৩ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২৬
৬ আশ্বিন ১৪৩৩ বৃহস্পতিবার ২৩ সেপ্টেম্বর ২০২৬

মাদক-মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে রাজ্য সরকার আপসহীন : মুখ্যমন্ত্রী

যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে এবং মাদক পাচারের জাল গুঁড়িয়ে দিতে রাজ্য সরকার কোনও ধরনের আপস করবে না বলে বুধবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

High News Digital Desk:

যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে এবং মাদক পাচারের জাল গুঁড়িয়ে দিতে রাজ্য সরকার কোনও ধরনের আপস করবে না বলে বুধবার স্পষ্ট বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে মাদক-মুক্ত পরিবেশ গড়ে তুলতে পুলিশ ও প্রশাসনকে লাগাতার এবং কঠোর পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সম্প্রতি দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ প্রশাসনের তৎপরতায় পাচারের উদ্দেশ্যে বেআইনিভাবে মজুত করা প্রায় ২ লক্ষ বোতল কোডিনযুক্ত কাফ সিরাপ বাজেয়াপ্ত করে নষ্ট করা হয়। প্রশাসনের এই কড়া পদক্ষেপের পর সংশ্লিষ্ট ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘ল্যাবরেট ফার্মাসিউটিক্যালস ইন্ডিয়া লিমিটেড’ রাজ্য সরকারের মাদক-বিরোধী অভিযানে সহযোগিতার আশ্বাস দিয়ে একটি আনুষ্ঠানিক চিঠি জমা দিয়েছে।

ওষুধের অপব্যবহার রুখতে এবং জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে সংস্থাটি জানিয়েছে, তাদের উৎপাদিত ‘এসকাফ কাফ সিরাপ’ পশ্চিমবঙ্গে সরাসরি কিংবা স্থানীয় ডিপোর মাধ্যমে কোনও ডিলারকে আর বিক্রি করা হবে না। একই সঙ্গে স্থানীয় ডিপোতে মজুত থাকা সমস্ত ওষুধও তারা বাজার থেকে প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, বেআইনি মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে রাজ্য সরকারের নীতি ‘জিরো টলারেন্স’। ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষায় প্রশাসন এভাবেই নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাবে। সফল অভিযানের জন্য পুলিশ ও স্থানীয় প্রশাসনের ভূয়সী প্রশংসা করে তিনি রাজ্যবাসীকে একটি সুস্থ, সুরক্ষিত ও মাদক-মুক্ত পশ্চিমবঙ্গ গড়ে তোলার আহ্বান জানান।

Scroll to Top