৯ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ২৫ নভেম্বর ২০২৬
৯ অগ্রহায়ণ ১৪৩৩ বুধবার ২৫ নভেম্বর ২০২৬

মল্লিকবাজারে কাপড়ের গুদামে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের পাঁচটি ইঞ্জিন

High News Digital Desk:

বুধবার মল্লিকবাজার এলাকার একটি কাপড়ের গুদামে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের পাঁচটি ইঞ্জিন। ঘনবসতিপূর্ণ এলাকায় আগুন নেভাতে দমকলকর্মীদের রীতিমতো বেগ পেতে হচ্ছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৩৫, এজেসি বোস রোড সংলগ্ন একটি বাড়িতে ওই কাপড়ের গুদামটি ছিল। বুধবার দুপুরে সেখানে হঠাৎই আগুন লেগে যায়। গুদামে বিপুল পরিমাণ কাপড় মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন দেখতে পেয়ে নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন এবং এরপর দমকলে খবর দেন। খবর পেয়ে দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও, এই প্রতিবেদন লেখা পর্যন্ত তা পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

আগুন লাগার প্রকৃত কারণ এখনও জানা যায়নি। দমকল আধিকারিকদের মতে, আগুন পুরোপুরি নিভে যাওয়ার পর ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। গুদামে অগ্নি নির্বাপণের পর্যাপ্ত ব্যবস্থা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হবে। আপাতত এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত সপ্তাহেও কলকাতার দুটি পৃথক এলাকায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। গত ১৯ নভেম্বর পাম অ্যাভিনিউ এলাকার একটি বস্তিতে আগুন লাগে। ঘনবসতি হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়তে শুরু করে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে দমকলের ১৪টি ইঞ্জিন দীর্ঘ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এর ঠিক আগের দিন অর্থাৎ ১৮ নভেম্বর কালীঘাট মেট্রো স্টেশনের কাছে একটি ধাবায় আগুন লাগে, যা দমকলের দুটি ইঞ্জিন নেভায়। চলতি মাসের শুরুতে মহাকরণের পেছনে একটি বাড়িতে আগুন লেগেছিল; দমকলের ১০টি ইঞ্জিনের দীর্ঘ প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। এরও কিছুদিন আগে কলকাতার সাউথ সিটি কমপ্লেক্সের তিন নম্বর টাওয়ারের ২৮ তলার একটি ফ্ল্যাটে আগুন লেগেছিল, যা নেভাতে দমকলের সাতটি ইঞ্জিনকে হিমশিম খেতে হয়। এছাড়া গত সেপ্টেম্বর মাসেও কলকাতায় অগ্নিকাণ্ডের একাধিক ঘটনা সামনে এসেছিল।

Scroll to Top