আসন্ন ভোট এবং নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের ধারাবাহিক আক্রমণের কড়া জবাব দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্ৰী দিলীপ ঘোষ। শনিবার সকালে নিউটাউনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন, বিরোধীদের হাতে কোনও বাস্তব ইস্যু নেই; ভোটে পরাজয় নিশ্চিত জেনেই তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে আক্রমণ করে কেবল সংবাদমাধ্যমের নজর কাড়তে চাইছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নিশানা করার বিষয়ে বিরোধীদের কড়া সমালোচনা করে দিলীপ ঘোষ বলেন, “ভোট হবে, ফলও বেরোবে এবং ওরা হারবেও। আর শুধু বাইরে দাঁড়িয়ে চেঁচামেচি করতে থাকবে। জ্ঞানেশ কুমার একটি সাংবিধানিক পদে রয়েছেন, তাঁকে সরানোর হিম্মত কারও নেই। এত কথা না বলে জনগণের কাছে যান, নির্বাচনের প্রস্তুতি নিন। তা না হলে আগের নির্বাচনের মতোই ফের একই ফলাফল ভোগ করতে হবে।”
বিরোধী ‘ইন্ডি’ জোটকে তীব্র কটাক্ষ করে তিনি আরও বলেন, “দেশের একাধিক রাজ্যে নির্বাচন আসছে, আর ঠিক তার আগেই কোত্থেকে যেন উদয় হয় এই ‘ইন্ডি’ জোট। বাংলায় পুরনিগম নির্বাচন রয়েছে, তাই ওদের একটা ইস্যু দরকার। অথচ দেশ বা বাংলা—কোথাও ওদের কাছে কোনো বাস্তব রাজনৈতিক ইস্যু নেই। স্রেফ সংবাদমাধ্যমের আলোয় ভেসে থাকার জন্যই ওরা এমন ভিত্তিহীন ও অর্থহীন মন্তব্য করে চলেছে, এর বাইরে আর কিছুই নয়।”
—————










