২১ শ্রাবণ ১৪৩৩ শনিবার ০৭ আগস্ট ২০২৬
২১ শ্রাবণ ১৪৩৩ শনিবার ০৭ আগস্ট ২০২৬

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি; মৃত দুই, ব্যাহত বিমান পরিষেবাও

High News Digital Desk:

প্রবল ঝড়-বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়ল দেশের রাজধানীর বিস্তীর্ণ অংশ। বুধবার সন্ধ্যা থেকে বৃষ্টি শুরু হয় দিল্লি এবং সংলগ্ন এলাকায়। শুরু হয় ঝড় এবং শিলাবৃষ্টিও। ঝড়ের কারণে লোধি রোড এলাকায় ভেঙে পড়ে একটি বিদ্যুতের খুঁটি। মৃত্যু হয় প্রতিবন্ধী এক ব্যক্তির। দিল্লিতে ঝড়-বৃষ্টির মধ্যে মৃত্যু হয় ২২ বছরের এক তরুণেরও। বুধবার রাত পর্যন্ত দিল্লির নানা এলাকা থেকে অন্তত ১১ জনের জখম হওয়ার খবর পাওয়া গিয়েছে।

ওভারব্রিজের লোহার অংশ ভেঙে পড়ায় আহত হয়েছেন কেউ, কেউ বহুতলে কাচ ভেঙে পড়ায় চোট পেয়েছেন। বুধবার সন্ধ্যায় নিজামুদ্দিন এলাকার কাছে লোধি রোড ফ্লাইওভারের অদূরে প্রবল হাওয়ায় বিদ্যুতের খুঁটি ভেঙে পড়লে ২২ বছর বয়সী এক যুবক এবং একজন প্রতিবন্ধী ব্যক্তি মারা যান। খুঁটিটি রাস্তার মাঝখানে পড়ে যায় এবং প্রতিবন্ধী ব্যক্তি গুরুতর আহত হন। দুর্যোগের জেরে দিল্লি বিমানবন্দরের পরিষেবাও ব্যাহত হয়। অন্তত ১৩টি বিমান দিল্লিতে অবতরণ করতে পারেনি। সেগুলিকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়। দুর্যোগ শুরু হওয়ার পরেই দিল্লির বিদ্যুৎ বণ্টন সংস্থা রাজধানীর একাংশে বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেয়।

এদিকে, বুধবার সন্ধ্যার বৃষ্টি ও শিলাবৃষ্টির পর মনোরম হয়ে উঠেছে দিল্লির আবহাওয়া। বৃহস্পতিবার সকালে ইন্ডিয়া গেট ও কর্তব্য পথ এলাকার আবহাওয়া ছিল স্নিগ্ধ ও মনোরম। দিল্লি-এনসিআর-এ শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সৌজন্যে গ্রীষ্মের তাপ থেকে মুক্তি পেয়েছেন রাজধানীর বাসিন্দারা। তবে শহরের কিছু অংশে বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছে, মূলত বিদ্যুতের তারের ওপর গাছ এবং গাছের ডাল ভেঙে পড়ার কারণে।

Scroll to Top