মৌসুমি অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ, তবে পুরোপুরি থামবে না। বুধবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার ভারী বর্ষণ হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। তবে শুধু এই জেলাগুলিই নয়, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। দমকা হাওয়ার গতিবেগও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে। এর পরে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে বুধ এবং বৃহস্পতিবারে ঝড়বৃষ্টি কিছুটা কমতে পারে। তবে দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলাগুলিতে আর্দ্রতার কারণে অস্বস্তিও থাকবে। তার পরে ফের বৃষ্টির দুর্যোগের মুখে পড়তে পারে একবারে উত্তরের দিকের জেলাগুলি। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। শনিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।








