স্থাপত্য ও শিল্পের দেবতা দেবাদিদেব শ্রীশ্রী বিশ্বকর্মা পুজো উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে নিজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি বার্তার মাধ্যমে তিনি লিখেছেন, “সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর আন্তরিক শুভেচ্ছা।”
উল্লেখ্য, বিশ্বকর্মা পুজো একটি অন্যতম হিন্দু ধর্মীয় উৎসব। হিন্দু স্থাপত্য ও শিল্পকলা সম্পর্কিত দেবতা বিশ্বকর্মার সন্তুষ্টি লাভের আশায় এই পুজো করা হয়। সনাতন শাস্ত্রে তাঁকে স্বয়ম্ভু এবং বিশ্বব্রহ্মাণ্ডের পরম কারিগর বা স্রষ্টা হিসেবে বিবেচনা করা হয়। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী, তিনি শ্রীকৃষ্ণের রাজধানী দ্বারকা শহরটি নির্মাণ করেছিলেন। এছাড়া রামায়ণে বর্ণিত লঙ্কাপুরী, মহাভারতে পাণ্ডবদের মায়াসভা, ব্রহ্মার পুষ্পক রথ এবং দেবতাদের বিভিন্ন দেবপুরী ও বাহন তাঁরই সৃষ্টি। শুধু তা-ই নয়, ভগবান বিষ্ণুর সুদর্শন চক্র, মহাদেবের ত্রিশূল, কুবেরের অস্ত্র, দেবরাজ ইন্দ্রের বজ্র এবং দেব সেনাপতি কার্তিকের শক্তিশেল সহ দেবতাদের একাধিক অলৌকিক ও শক্তিশালী অস্ত্রের স্রষ্টাও তিনি।










