২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬
২৬ কার্তিক ১৪৩৩ বৃহস্পতিবার ১২ নভেম্বর ২০২৬

বাংলাদেশে এনসিপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা হামলার অভিযোগ, অগ্নিসংযোগের ঘটনা

High News Digital Desk:

বৃহস্পতিবার ভোররাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংসদ নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ির পাঁচটি ঘর আগুনে পুড়ে গেছে। দলীয় নেতাদের অভিযোগ, হামলাকারীরা বাড়িটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। মধ্যরাতের পর বাগাওয়ান গ্রামে সাংসদের বাড়িতে আগুন লাগে।

ঢাকা ট্রিবিউনের খবর অনুযায়ী, ভোর ১টা ৫০ মিনিটের দিকে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও একতলা টিনের চালের বাড়িটির আটটি ঘরের মধ্যে পাঁচটিই সম্পূর্ণ পুড়ে গেছে। আগুনে দুটি ছাগলও মারা গেছে। দলীয় নেতাদের অভিযোগ, ইচ্ছাকৃতভাবে পেট্রোল বোমা দিয়ে বাড়িটিতে হামলা চালানো হয়েছে এবং তারা আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দায়ী করেছেন।

তবে পুলিশ জানিয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, এমনকি কোনো বিস্ফোরক বা দাহ্য পদার্থ ব্যবহার করা হয়েছিল কিনা, তাও নিশ্চিত হওয়া যায়নি।

ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দিলাওয়ার হোসেন জানিয়েছেন, আগুন লাগার খবর পাওয়ামাত্রই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তিনি বলেন, আগুনে বাড়িটির ব্যাপক ক্ষতি হলেও পাশের তিনতলা ভবনটিতে আগুন ছড়ায়নি, যেখানে তাবাসসুমের বাবা-মা থাকেন।

পুলিশ আধিকারিকের মতে, পরিবারের সদস্যরা নিরাপদে আছেন। এনসিপি মিডিয়া সেল একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেছে যে, আওয়ামী সমর্থকরা সাংসদের বাসভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে। এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পৃথক একটি ফেসবুক পোস্টে অভিযোগ করেছেন যে, বাড়িটিকে লক্ষ্য করে পেট্রোল বোমা হামলা চালানো হয়েছিল।

তাবাসসুম এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং দলের সর্বোচ্চ নীতি নির্ধারক সংস্থা রাজনৈতিক পরিষদের সদস্য। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদে নারীদের জন্য সংরক্ষিত একটি আসনের প্রতিনিধিত্ব করেন। অতিরিক্ত পুলিশ সুপার দিলাওয়ার হোসেন বলেছেন, পেট্রোল বোমা হামলার কারণে আগুন লেগেছিল কিনা, তা তদন্তকারীরা এখনও নিশ্চিত করতে পারেননি।

Scroll to Top