৭ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ২৪ আগস্ট ২০২৬
৭ ভাদ্র ১৪৩৩ মঙ্গলবার ২৪ আগস্ট ২০২৬

ফুটপাথ দখলমুক্ত করা নিয়ে বিরোধীদের নিশানা, সরকারের কাজের পক্ষে সওয়াল মন্ত্রীর

High News Digital Desk:

ফুটপাথ দখলমুক্ত করা এবং শহরের রাস্তা-ঘাট সংস্কার নিয়ে বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করলেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, ‘‘কোনও বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি। শুধু সরে যেতে বলা হয়েছে।’’ ব্যস্ত রাস্তায় একটি শিশুকে হামাগুড়ি দিতে দেখা অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলেও মন্তব্য করেন তিনি। তাঁর দাবি, দুর্ঘটনা ঘটলে তার দায় কে নেবে, সেই প্রশ্নও ভাবতে হবে।

মন্ত্রী বলেন, ফুটপাথ গরিব বা বড়লোক কাউকেই আলাদা করে চেনে না। ফুটপাথ মূলত পথচারীদের চলাচলের জন্য। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ফুটপাথকে মানুষের হাঁটার উপযোগী করে তোলার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তাঁর অভিযোগ, গত ১৫ বছরে রাজ্যে কর্মসংস্থান ও পরিকাঠামোর দিকে যথেষ্ট নজর দেওয়া হয়নি। একইসঙ্গে তোলাবাজি, ঘুষ ও দুর্নীতির অভিযোগও তোলেন তিনি। তাঁর দাবি, ফুটপাথ থেকে হকার সরানো, বেআইনি পার্কিং বন্ধ করা বা ফুটপাথকে বসবাসের জায়গা হিসেবে ব্যবহার বন্ধ করতে গেলে বিরোধীদের আপত্তি থাকলেও সরকার মানুষের স্বার্থেই সিদ্ধান্ত নেবে।

বিনিয়োগ টানতে শহরের পরিকাঠামো উন্নয়ন জরুরি বলেও জানান মন্ত্রী। রাস্তা ও নিকাশি সংস্কারের কাজ চলছে। মুখ্যমন্ত্রী অক্টোবরের মধ্যে রাস্তা সংস্কারের কথা জানিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী উন্নয়নের কাজ সম্পূর্ণ করার আশ্বাস দিয়ে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছেন তিনি।

Scroll to Top