জম্মু কাশ্মীর : জম্মু-কাশ্মীরে আসন্ন বিধানসভা নির্বাচন| চলতি বছরের ১৮ সেপ্টেম্বর, ২৫ সেপ্টেম্বর ও ১ অক্টোবর ৩ দফায় হবে ভোট| তার আগে ভূস্বর্গের রাজনৈতিক সমীকরণ অনেকটাই নিশ্চিত হয়ে গেল বৃহস্পতিবার| সম্পর্কে খুব বড় কোনও ফাটল না ধরলে, ইনডিয়া ব্লকের কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স জোটবদ্ধ হয়ে লড়াই করবে জম্মু-কাশ্মীরের বিধানসভা নির্বাচনে| বৃহস্পতিবার ২ দলের শীর্ষনেতাদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পর উভয় তরফকেই জোটের বিষয়ে আন্তরিক ও আত্মবিশ্বাসী দেখিয়েছে|
বৃহস্পতিবার শ্রীনগরে জম্মু-কাশ্মীরের ন্যাশনাল কনফারেন্স সভাপতি তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহ ও জম্মু-কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স দলের সহ সভাপতি ওমর আবদুল্লাহর সঙ্গে বৈঠক করেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে| বৈঠক যে গঠনমূলক ও ইতিবাচক হয়েছে, তা খোদ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের প্রতিক্রিয়ায় পরিষ্কার হয়ে গিয়েছে| একইরকম সন্তোষজনক প্রতিক্রিয়া মিলেছে জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আব্দুল্লাহর মন্তব্যে|
এদিন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়া নিয়ে সোচ্চার হন| ইনডিয়া ব্লক যে এবিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, তাও স্পষ্ট করে দেন রাহুল|
সব মিলিয়ে আপাতত ইনডিয়া ব্লকের দুই শরিক ভূস্বর্গের ভোটকে সামনে রেখে সখ্য দৃঢ় করার লক্ষ্যে স্থির| সম্ভবত এই সখ্যে বিশেষ হেরফের হবে না, মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা| তবে সখ্যের এমন স্বাভাবিক সম্ভাবনাকে মোকাবিলা করার জন্য গেরুয়া শিবির একেবারে প্রস্তুতিহীন, তাও বলা যাবে না| তেমনটা ভাবাও অপরিপক্বতা, নিঃসন্দেহে|







