১৪ শ্রাবণ ১৪৩৩ শনিবার ৩১ জুলাই ২০২৬
১৪ শ্রাবণ ১৪৩৩ শনিবার ৩১ জুলাই ২০২৬

প্রশ্নপত্র ফাঁস মামলার দ্রুত শুনানির জন্য কলকাতা হাইকোর্টে বিশেষ ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন

High News Digital Desk:

সরকারি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস এবং অন্যান্য অনিয়ম সংক্রান্ত মামলার শুনানিতে গতি আনতে কলকাতা হাইকোর্টে বিশেষ ‘ফাস্ট ট্র্যাক কোর্ট’ গঠন করা হয়েছে। পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স) আইনের সংশোধনের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যার মূল উদ্দেশ্য হলো প্রশ্নপত্র ফাঁসের মতো অপরাধের সময়বদ্ধ নিষ্পত্তি সুনিশ্চিত করা।

নতুন ব্যবস্থার অধীনে প্রশ্নপত্র ফাঁস এবং পরীক্ষায় সংগঠিত জালিয়াতি সংক্রান্ত মামলাগুলির শুনানি অগ্রাধিকারের ভিত্তিতে হবে। একই সঙ্গে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্ত শেষ করা এবং আপিলগুলিরও দ্রুত নিষ্পত্তির বিধান রাখা হয়েছে। সরকারের মতে, প্রশ্নপত্র ফাঁসকে আর সাধারণ টুকলি বা জালিয়াতির ঘটনা হিসেবে দেখা উচিত নয়, বরং এটিকে একটি সংগঠিত অপরাধ হিসেবে বিবেচনা করা প্রয়োজন।

২০২৪ সালের নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস মামলার শুনানির সময় সুপ্রিম কোর্ট স্বীকার করেছিল যে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল এবং কিছু পরীক্ষার্থী এর সুবিধা পেয়েছিল। তবে পুরো পরীক্ষা ব্যবস্থা প্রভাবিত হওয়ার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ না থাকায় সর্বোচ্চ আদালত দেশজুড়ে পুনরায় পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়নি। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট দায়বদ্ধতা নির্ধারণ এবং কার্যকর অপরাধমূলক তদন্তের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছিল।

নিট প্রশ্নপত্র ফাঁস মামলার তদন্ত চলাকালীন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই) একাধিক রাজ্যে অভিযান চালিয়ে একাধিক অভিযুক্তের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র, জালিয়াতি সহ বিভিন্ন ধারায় চার্জশিট পেশ করেছে। ওয়াকিবহাল মহলের মতে, ফাস্ট ট্র্যাক কোর্ট গঠিত হওয়ায় এই ধরনের মামলার নিষ্পত্তি দ্রুত হবে এবং দোষীদের দ্রুত শাস্তি দিতে সাহায্য করবে।

Scroll to Top