১০ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬
১০ অগ্রহায়ণ ১৪৩৩ বৃহস্পতিবার ২৬ নভেম্বর ২০২৬

প্রগতিশীল, বিকশিত ও সমৃদ্ধ রাজ্য হিসেবে আত্মপ্রকাশ করবে পশ্চিমবঙ্গ : নীতিন গড়করি

High News Digital Desk:

পশ্চিমবঙ্গের সার্বিক পরিকাঠামো এবং সড়ক যোগাযোগ ব্যবস্থার আমূল উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে ৮ হাজার ৭০০ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে তিনি রাজ্যে একাধিক নতুন সড়ক ও সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পাশাপাশি, আগামী পাঁচ বছরের মধ্যে ভারতের প্রতিটি জাতীয় সড়ক বা রাজমার্গকে আমেরিকার সড়কের সমতুল্য করে তোলার দৃঢ় শপথ গ্রহণ করেন কেন্দ্রীয় মন্ত্রী।

কোলাঘাটের জনসভা ও সরকারি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পরিকাঠামো উন্নয়নের সঙ্গে অর্থনৈতিক বিকাশের নিবিড় সম্পর্কের কথা তুলে ধরেন নীতিন গড়করি। তিনি বলেন, “যেখানে পরিকাঠামোর উন্নয়ন হয়, সেখানে বাণিজ্য, সার্বিক বিকাশ এবং ক্ষেতমজুর থেকে শুরু করে সমাজের সর্বস্তরের মানুষের উন্নতি ঘটে। যেখানে সড়কের উন্নতি হয়, সেখানেই ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটে এবং মূলধনী বিনিয়োগ (ক্যাপিটাল ইনভেস্টমেন্ট) আসে। আর এই বিনিয়োগ এলেই কর্মসংস্থান তৈরি হয় এবং দারিদ্র্য বিমোচন সম্ভব হয়।”

দেশের সড়ক পরিকাঠামোর ভবিষ্যৎ রূপরেখা তুলে ধরে কেন্দ্রীয় মন্ত্রী দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বলেন, “আমি আপনাদের কাছে শপথ নিচ্ছি, আজ থেকে পাঁচ বছরের মধ্যে ভারতের প্রতিটি রাজমার্গ আমেরিকার মতো উন্নত হয়ে উঠবে। ভারত আগামী দিনে অবশ্যই বিশ্বগুরু হবে এবং ভারতের অর্থনীতি দ্রুতগতিতে বৃদ্ধি পাবেই।”

পশ্চিমবঙ্গের উন্নয়ন ও সম্ভাবনার কথা উল্লেখ করে নীতিন গড়করি আরও বলেন, “ভারতের মানচিত্রে পিছিয়ে থাকা রাজ্য হিসেবে নয়, বরং একটি প্রগতিশীল, বিকশিত এবং সমৃদ্ধ প্রদেশ হিসেবে পশ্চিমবঙ্গ আত্মপ্রকাশ করবে।” প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মতে, কোলাঘাট থেকে শুরু হওয়া ৮,৭০০ কোটি টাকারও বেশি মূল্যের এই মেগা সড়ক ও সেতু প্রকল্পগুলি বাস্তবায়িত হলে দক্ষিণবঙ্গের জেলাগুলির সঙ্গে কলকাতা ও বন্দর এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ হবে এবং রাজ্যের শিল্প ও বাণিজ্যে নতুন গতির সঞ্চার ঘটবে।

Scroll to Top