বর্ষা বিদায়ের মুখে। রাজ্যে ক্রমেই দুর্বল হচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। কিন্তু তার মাঝেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর তৈরি হয়েছে একাধিক নিম্নচাপ ও ঘূর্ণাবর্ত। ফলে পুজোর আগে ফের বদলেছে আবহাওয়া। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বেশিরভাগ জায়গাতেই আকাশের মুখ ভার, রোদের তেমন দেখা নেই।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণ-পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার উপর থাকা একটি নিম্নচাপের বিস্তৃতি ঝাড়খণ্ড, দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ওড়িশা পর্যন্ত রয়েছে। সেটির প্রভাব উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। অন্য একটি নিম্নচাপ উত্তরবঙ্গ থেকে বিহার, ঝাড়খণ্ড, বিদর্ভ, মারাঠওয়াড়া হয়ে মধ্য মহারাষ্ট্র পর্যন্ত বিস্তৃত।
এর পাশাপাশি উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩.১ কিলোমিটার উচ্চতায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। ফলে বর্ষা দুর্বল হলেও আর্দ্রতা এবং স্থানীয় বায়ুপ্রবাহের জেরে তৈরি হয়েছে বৃষ্টির অনুকূল পরিস্থিতি। আজ কলকাতার আকাশ মূলত মেঘলা থাকতে পারে। শহরের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকার সম্ভাবনা।
গত ২৪ ঘণ্টায় কলকাতায় ৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৬.২ ডিগ্রি। সকালে আলিপুরে তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি, বাতাস ছিল শান্ত এবং আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯০ শতাংশ।
দক্ষিণবঙ্গের কোন জেলায় বৃষ্টি?
পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ায় কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বুধবার। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বাকি জেলাগুলির দু’-একটি জায়গাতেও হালকা বৃষ্টি হতে পারে দুপুরের দিকে। এই জেলাগুলির কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা
উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে।
উত্তরবঙ্গের সব জেলাতেই দু’-একটি জায়গায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে বর্ষা দুর্বল হলেও আপাতত পুরোপুরি শুকনো আবহাওয়া ফিরছে না বাংলায়।










