সোমবার ফের কেন্দ্রকে নিশানা করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। নিট কেলেঙ্কারি নিয়ে দিল্লিতে আন্দোলনের সময়ে পড়ুয়াদের উপরে পেলেট গান (ছররা বন্দুক) ছোড়ার ঘটনার নিন্দা করলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা। এ দিন তিনি বলেন, একে-৪৭, পেলেট গান! এরা (পড়ুয়া) কি জঙ্গি? এরা (সরকার) তো সব সীমা ছাড়িয়ে যাচ্ছে। এখন বিহার ও পশ্চিমবঙ্গে পড়ুয়াদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হচ্ছে। আমি শুনেছি, যদিও বিষয়টি আমি নিজে যাচাই করিনি, যেসব মেয়ে বিক্ষোভে অংশ নিয়েছিল, তাদের অভিভাবকদের ফোন করে হুমকিও দেওয়া হচ্ছে যে, কেন তাঁরা তাঁদের মেয়েদের বিক্ষোভে অংশ নিতে পাঠিয়েছেন। এ কেমন বিষয়? মেয়েরা কি প্রতিবাদ করতে পারবে না? ভারতের মেয়েরা কি বিক্ষোভে অংশ নিতে পারবে না? আর বিক্ষোভস্থলে একে-৪৭-এর মতো অস্ত্রের কী প্রয়োজন ছিল? পড়ুয়ারা তো আর কোনও জঙ্গি নয়।











