পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে দুটি পৃথক সংঘর্ষে ২৪ জন জঙ্গিকে খতম করার দাবি করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। সেনাবাহিনীর জনসংযোগ শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) জানিয়েছে, গত ৪ এবং ৫ ফেব্রুয়ারি ওরকজাই এবং খাইবার জেলায় অভিযান চালিয়ে এই সাফল্য পাওয়া গেছে।
সূত্রের খবর, আইএসপিআর-এর বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ওরকজাই এলাকায় জঙ্গিদের উপস্থিতির গোপন খবর পেয়ে নিরাপত্তা বাহিনী সেখানে বিশেষ অভিযান শুরু করে। এই অভিযান চলাকালীন জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র সংঘর্ষ শুরু হয় এবং বাহিনীর গুলিতে ১৪ জন জঙ্গি নিহত হয়। একইভাবে খাইবার জেলাতেও একটি অভিযান চালানো হয়, যেখানে আরও ১০ জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তা বাহিনী।
আইএসপিআর তাদের বিজ্ঞপ্তিতে আরও জানিয়েছে যে, বালুচিস্তানে পরিচালিত সামরিক অভিযান ‘রাদ-উল-ফিতনা-১’ সমাপ্ত হয়েছে। অভিযানের পর ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ বিদেশি অস্ত্র, গোলাবারুদ, বিস্ফোরক এবং অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে এই দীর্ঘ অভিযানে নারী ও শিশু-সহ ৩৬ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে এবং জঙ্গিদের সাথে সরাসরি সংঘর্ষে পাকিস্তানের ২২ জন সেনাও নিহত হয়েছেন।











