পশ্চিমবঙ্গের দুই হাইভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম ও রেজিনগরে মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব। সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে ভোট প্রক্রিয়া শুরু হলেও প্রথম থেকেই উত্তপ্ত মুর্শিদাবাদের রেজিনগর। ভোট শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই বহরমপুর থেকে আটক করা হয়েছে আম জনতা উন্নয়ন পার্টির প্রধান তথা নওদার বিধায়ক হুমায়ুন কবীরকে। নির্বাচন কমিশনের নির্দেশ ও শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থেই তাঁকে সাময়িক হেফাজতে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি। ভোট দিয়ে বেরিয়ে পুলিশের উদ্দেশে দফায় দফায় কুকথা বলেন তিনি। ঘটনাচক্রে, ওই মন্তব্যের কিছুক্ষণের মধ্যেই আটক হলেন হুমায়ুন। রেজিনগরের দলীয় কার্যালয় থেকে তাঁকে থানায় তুলে নিয়ে যায় পুলিশ।
২০২৬ সালের সাধারণ নির্বাচনে রেজিনগর ও নওদা—দুটি আসন থেকেই বিধায়ক নির্বাচিত হয়েছিলেন হুমায়ুন কবীর। পরবর্তীতে তিনি রেজিনগর আসনটি ছেড়ে দেওয়ায় এই কেন্দ্রে উপনির্বাচন হচ্ছে। এখানে তাঁর দলের প্রার্থী হয়েছেন পুত্র গোলাম নবী আজাদ। অন্য দিকে, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনেও ভোটগ্রহণের শুরু থেকেই বুথগুলিতে লম্বা লাইন চোখে পড়েছে। সকাল থেকেই কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য পুলিশের কড়া নজরদারিতে ভোট চলছে। স্পর্শকাতর বুথগুলিতে মোতায়েন রয়েছে অতিরিক্ত বাহিনী এবং সিসিটিভি ও ওয়েবকাস্টিংয়ের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।









