বছরের প্রথম দিন সকাল থেকেই কুয়াশা এবং ধুলোর চাদরে ঢাকা দিল্লি। বৃহস্পতিবার সকালে রাজধানীর একিউআই রেকর্ড করা হয়েছে ৩৭১। ইন্ডিয়া গেট থেকে কর্তব্য পথ—সর্বত্রই ঘন কুয়াশার দাপটে দিনের আলোতেই নেমে এসেছিল রাতের অন্ধকার। আনন্দ বিহারে বায়ুর গুণমান সূচক ছিল ৪১৮, ওয়াজিরপুরে ৪১৪, রোহিণীতে ৪১৩, অশোক বিহারে ৩৯২, আর কে পুরমে ৩৮১, আইটিও-তে ৩৭১, চাঁদনি চকে ৩৭৭ এবং সিরি ফোর্টে ৩৮৪ রেকর্ড করা হয়েছে। এছাড়াও নয়ডায় ৩৬৪, গাজিয়াবাদে ৩৩৮, গ্রেটার নয়ডায় ৩৩৬ একিউআই ছিল|
শুধু দূষণ নয়, হাড়কাঁপানো ঠান্ডাতেও কাঁপছে রাজধানী। আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, গত ছয় বছরের মধ্যে ডিসেম্বরে দিল্লির শীতলতম দিন ছিল বুধবার। এ দিন সর্বোচ্চ তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা স্বাভাবিকের চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩ জানুয়ারি থেকে দিল্লিতে আরও কমবে তাপমাত্রা।
উল্লেখ্য, বাতাসের গুণগত মান বা এয়ার কোয়ালিটি ইন্ডেক্স (একিউআই) এর সূচক ০-৫০ এর মধ্যে থাকলে ‘ভালো’, ৫১-১০০ একিউআই-কে ‘সন্তোষজনক’ হিসেবে গণ্য করা হয়, ১০১-২০০ একিউআই-কে ‘মাঝারি’ গুণমান হিসেবে ধার্য করা হয়, ২০১-৩০০ একিউআই-কে ‘খারাপ’ বলা হয়ে থাকে, ৩০১-৪০০ একিউআই-কে ‘খুব খারাপ’ পর্যায়ভুক্ত হিসেবে চিহ্নিত করা হয় এবং ৪০১-৫০০ কে ‘গুরুতর’ বলে বিবেচনা করা হয়।











