পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন থানা এলাকায় পুলিশের তৎপরতায় রুখে দেওয়া হলো এক অভিনব গরু পাচারের চেষ্টা। মঙ্গলবার ভোরে বাংলা-ওড়িশা সীমান্তবর্তী মাটিবেরুয়া নাকা তল্লাশি চৌকিতে অভিযান চালিয়ে ধানের তুষ বোঝাই একটি ১৬ চাকার ট্রাক থেকে ৩৫টিরও বেশি গরু উদ্ধার করেছে দাঁতন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটিতে ওপর থেকে সাধারণ ধানের তুষ বোঝাই করা দেখাচ্ছিল। তবে চালকের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় পুলিশ তল্লাশি শুরু করতেই চক্ষু চড়কগাছ হয় তদন্তকারীদের। দেখা যায়, ট্রাকের ভেতরের অংশে বিশেষ কৌশল প্রয়োগ করে গোপন কাঠের তক্তা দিয়ে আলাদা কুঠুরি তৈরি করা হয়েছিল। সেই গোপন কুঠুরির ভেতরে অত্যন্ত অমানবিক ও গাদাগাদি অবস্থায় লুকিয়ে রাখা হয়েছিল ৩৫টিরও বেশি গরু।
অভিযানের পর পুলিশ দ্রুত ট্রাকটিকে বাজেয়াপ্ত করে এবং উদ্ধার হওয়া গবাদি পশুগুলোকে নিরাপদ আশ্রয়ের জন্য ওড়িশার ‘মা ভবতী গোশালা’য় পাঠানোর ব্যবস্থা করা হয়।
এই চক্রে আর কারা জড়িত, কোথা থেকে এই গরুগুলো আনা হয়েছিল এবং কোথায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল—তা খতিয়ে দেখছে পুলিশ। কোনো আন্তঃরাজ্য বড় পাচার চক্র এর পেছনে কাজ করছে কি না, তা জানতে তদন্ত শুরু হয়েছে।












