কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আপাতত বজায় রয়েছে গরম ও অস্বস্তি, ঘর্মাক্ত গরমে দুর্বিষহ অবস্থা। চড়ছে তাপমাত্রার পারদও। দক্ষিণবঙ্গ যখন গরমে নাজেহাল, তখন উত্তরবঙ্গে ধীরে ধীরে সক্রিয় হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে জারি হয়েছে বিশেষ সতর্কতা।
অন্যদিকে, দক্ষিণবঙ্গে এখনই বড়সড় বৃষ্টির সম্ভাবনা না থাকলেও সপ্তাহের শেষের দিকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির সম্ভাবনা কম। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.০ ডিগ্রি বেশি।









