সুপার এইটে যাওয়ার রাস্তাটা আরও কঠিন হয়ে গেল অস্ট্রেলিয়ার জন্য। তাদের তাকিয়ে থাকতে হবে জিম্বাবুয়ের দিকেও। টানা তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে দুই ম্যাচের দুটিতেই জয় আছে জিম্বাবুয়ের। বিপদে শুধু অস্ট্রেলিয়া, তিন ম্যাচ খেলে জয় মাত্র একটিতে। সবশেষ সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে হেরে বেশ চাপে পড়েছে অজিরা। সুপার এইটে যেতে হলে তাদের মেলাতে হবে কঠিন সমীকরণ।
সোমবার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে উদ্বোধনী জুটি দুই ওপেনার মিচেল মার্শ ও ট্রাভিস হেডের সৌজন্যে স্কোরবোর্ডে ১০৪ রান ওঠে। এরপর দুশান হেমান্থা-চামিরাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচের লাগাম টেনে ধরে শ্রীলঙ্কা। ৮ ওভারে ১০০ রান করা অজিদের থামিয়ে দেন ১৮১ রানে।
শ্রীলঙ্কার হয়ে ৪ ওভারে ৩৭ রানে ৩ উইকেট নেন দুশান হেমন্ত। ২টি উইকেট পেয়েছেন দুশমন্থ চামিরা। আর ১টি করে উইকেট শিকার করেছেন মহেশ থিকশানা, দুনিথ ভেল্লালাগে ও কামিন্দু মেন্ডিস।
জবাব দিতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের কোনও পাত্তাই দেয়নি লঙ্কান ব্যাটাররা। শুরুটা তাদের অবশ্য ভালো হয়নি, ৮ রানেই কুশাল পেরেরার উইকেট হারায় তারা। তবে ব্যাট হাতে ঝড় তোলেন কুশাল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা। দুজনে মিলে জুটি গড়েন ৯৭ রানের। দলীয় ১০৫ রানের মাথায় মার্কাস স্টয়েনিসের বলে কুপার কোনোলির হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৩৮ বলে ৫১ রান করা মেন্ডিস।
এরপর পাভান রাথানায়াকেকে নিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন পাথুম নিসাঙ্কা। ৫২ বলে অপরাজিত থাকেন ১০০ রানে। দুর্দান্ত সেঞ্চুরিতে একাই উড়িয়ে দিলেন অজিদের। তার সঙ্গে রাভান রাথানায়াকে অপরাজিত ছিলেন ১৫ বলে ২৮ রানে।









