কেউ জন্ডিসে আক্রান্ত| কেউ ডায়ারিয়ায়| কেউ আবার পেটের অসুখে হাসপাতালে ভর্তি| কারণ এলাকার অপরিশোধিত জল| হাওড়া পুর এলাকায় এবার জলবাহিত রোগের প্রকোপ| কী করছে প্রশাসন?
হাওড়া পুরনিগমের ২৬ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া রোডের মল্লিকপাড়ার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল থেকে পোকা বেরোচ্ছে| অভিযোগ স্থানীয়দের| আর সেই জল খেয়েই অসুস্থ এলাকার বহু মানুষ| হজমের সমস্যা তো হচ্ছেই| জন্ডিস-ডায়ারিয়া পর্যন্ত ছড়িয়ে পড়েছে| হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ শ্যামল মিত্রের অভিযোগ পুর প্রধানের বিরুদ্ধে| ৱুধবার এলাকায় স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা গেলে, তাঁদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা| এই প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা বলেন, অনেক দিন ধরেই পেটের সমস্যা হচ্ছিল| দেখা গেল হেপাটাইটিস এ পজিটিভ| ডাক্তারের কথায় জলের জন্য এই সমস্যা| জল পরিষ্কার না হলে এই সমস্যা থাকবে|
এপ্রিল মাস থেকে চলছে এই সমস্যা| ২ মাস পেরিয়ে গেলেও প্রশাসনের তরফে কোনও সমাধান করা হয়নি| স্থানীয়দের অভিযোগ, হাওড়া পুরসভা এই বিষয়ে কোনও খবরই নেয় না| পুরসভার মুখ্য প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী বলেন, সবে জেনেছি ঘটনাটি| এলাকায় হেলথের টিম পাঠানো হয়েছে| ঘটনাস্থল থেকে জলের নমুনা সংগ্রহ করা হয়েছে| তা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে| কোথায় সমস্যা, তা শীঘ্রই খুঁজে বের করা হবে|
জলই জীবন| সেই জল পান করেই যদি অসুস্থ হতে হয়, তাহলে প্রশ্ন ওঠে বই কি!










