কলকাতার চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হওয়ার অনভিপ্রেত ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক বলে আখ্যা দিলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। আনন্দের আবহে এমন দুর্ঘটনা গভীর মর্মবেদনার সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
রবিবার সকালে কোচবিহারে অধ্যক্ষ বলেন, মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই এ বিষয়ে নিজের শোক ব্যক্ত করেছেন এবং প্রশাসনের তরফে নেওয়া বিভিন্ন সতর্কতামূলক পদক্ষেপের কথাও তুলে ধরেছেন। উৎসবের দিনগুলিতে মণ্ডপে উপচে পড়া ভিড়ের কথা মাথায় রেখে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন থাকার আর্জি জানিয়েছেন অধ্যক্ষ। বিশেষ করে বয়স্ক মানুষ ও শিশুদের নিয়ে ঠাকুর দেখতে বের হলে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন তিনি।










