১ কার্তিক ১৪৩৩ সোমবার ১৮ অক্টোবর ২০২৬
১ কার্তিক ১৪৩৩ সোমবার ১৮ অক্টোবর ২০২৬

চোরবাগান পুজোয় পদপিষ্টের ঘটনায় ধৃত ৭, স্বতঃপ্রণোদিত মামলা রুজু কলকাতা পুলিশের

High News Digital Desk:

কলকাতার ঐতিহ্যবাহী চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার তদন্তে অত্যন্ত কড়া পদক্ষেপ গ্রহণ করল কলকাতা পুলিশ। ঘটনায় উদ্যোক্তা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে গিরিশ পার্ক থানায় ভারতীয় ন্যায় সংহিতার ১০৫, ১১০ এবং ৩(৫) ধারার অধীনে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জনকে আটক করে জিজ্ঞাসাবাদের পর পুজো কমিটির সম্পাদক ও সহ-সভাপতি সহ মোট ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

কলকাতা পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন—পুজো কমিটির সম্পাদক রাজকুমার সেওদা ওরফে রাজা (৪৮), সহ-সভাপতি শান্তনু দুবে (৫৫), মণ্ডপের বাঁশের কাঠামো নির্মাণের দায়িত্বে থাকা বিপ্লব মুখোপাধ্যায় ওরফে জয় (৪৮), ভিড় নিয়ন্ত্রণ ও ভিআইপি পাস পরীক্ষার দায়িত্বে থাকা কৌশিক সাহা (৫৩), ভিড় ব্যবস্থাপনায় যুক্ত পিন্টু দে (৫১) এবং বেসরকারি নিরাপত্তার দায়িত্বে থাকা দুই ইনচার্জ সুমন চক্রবর্তী (৩০) ও রাজেশ পাল (২৯)।

পুলিশ জানিয়েছে, উৎসবের রাতে নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণের উপযুক্ত পরিকাঠামো না রাখা, গাফিলতি এবং শৃঙ্খলাভঙ্গের কারণেই এই মর্মান্তিক বিপত্তি ঘটেছিল কি না, তা খতিয়ে দেখতে ধৃতদের দফায় দফায় জেরা করা হচ্ছে। ঘটনায় বাকি আটক ব্যক্তিদের ভূমিকাও নিবিড়ভাবে খতিয়ে দেখা হচ্ছে।

Scroll to Top