ঘূর্ণিঝড় গেজানির তাণ্ডবে মাদাগাস্কারে মৃত্যু হয়েছে কমপক্ষে ৫৯ জনের। এখনও পর্যন্ত নিখোঁজ অন্তত ১৫ জন। সোমবার সে দেশের জাতীয় বিপর্যয় মোকাবিলা মন্ত্রকের তরফে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে প্রবল বৃষ্টি এবং বন্যায় ১৬ হাজারেরও বেশি মানুষ ঘরছাড়া। গত সপ্তাহের শেষে ভারত মহাসাগরের উপকূলবর্তী আফ্রিকার এই দেশে আছড়ে পড়েছিল গেজানি। দিন দশেক আগে ক্রান্তীয় ঝড় ফাইতিয়ার প্রভাবে ১৪ জনের মৃত্যু হয় মাদাগাস্কারে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, সেই সময়ে ৩১ হাজার বাসিন্দাকে সরিয়ে আশ্রয় শিবিরে রাখার ব্যবস্থা করা হয়েছিল। তার পর পরই গেজানির কারণে ১৬ হাজারেরও বেশি জনকে নিজেদের বাড়ি থেকে সরিয়ে অন্যত্র রাখার ব্যবস্থা করা হয়েছে। গেজানি আপাতত মোজাম্বিক চ্যানেলের দিকে এগোলেও মাদাগাস্কারের দক্ষিণ-পশ্চিম প্রান্তে আরও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।









